ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

যে গ্রামকে এত ভালোবাসতেন, সুযোগ পেলেই যেখানে ছুটে যেতেন, সেই গ্রামেই চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এর আগে রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।বিকেল ৪টার দিকে অভিনেতার মরদেহ ধামরাইয়ের রাজাপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। সেখানে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।সোহেল খান রাজাপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলকক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে সোহেল খানকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে আর বাঁচানো যায়নি।অভিনয়ের ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতেন সোহেল খান। সময় পেলেই ছুটে যেতেন নিজের গ্রামে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সহজভাবে মিশতেন, অংশ নিতেন গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে।সোহেল খানের ফুফাতো ভাই আবদুল আলীম খান সেলিম বলেন, ‘সোহেল গ্রামপাগল মানুষ ছিলেন। অনেক সময় তাঁকে বকাঝকা করেছি, কখনো রাগ করেননি।’অভিনেতার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান জানান, সোহেল খান আঞ্চলিক ভাষা ও গ্রামের মানুষের জীবনযাপন অভিনয়ের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও মিশুক স্বভাবের মানুষ।স্বজন মোহাম্মদ টিপু সুলতান বলেন, গ্রামের সামাজিক সব ধরনের কর্মকাণ্ডের সঙ্গেই যুক্ত থাকতেন সোহেল খান। অভিনয়ের ব্যস্ততা থাকলেও গ্রামের মানুষের কথা ভুলতেন না তিনি।এদিকে সোহেল খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন।’প্রিয় সহকর্মীকে স্মরণ করে তিনি আরও বলেন, সোহেল খান তাঁদের কাছে শুধু একজন জ্যেষ্ঠ শিল্পীই ছিলেন না, ছিলেন বড় ভাইয়ের মতো। তাঁর মৃত্যু শুধু একটি সিনেমার জন্য নয়, চলচ্চিত্র, নাটকসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।রাজাপুরের মানুষের কাছে সোহেল খান ছিলেন আপনজন। অভিনয়ের মানুষ হয়েও গ্রামের সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল গভীর। যে মানুষটি হাসিমুখে সবার সঙ্গে মিশতেন, মঙ্গলবার সন্ধ্যায় সেই মানুষটিকেই শেষ বিদায় জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান