ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানে অনিয়ম ও ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি: সংসদীয় কমিটির তলব

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘদিনের বিভিন্ন অনিয়ম, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় দুর্নীতি, সফটওয়্যারের দুর্বলতায় রাজস্ব ক্ষতি এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় সংসদ। ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার তথ্য উঠে এসেছে। এসব অনাদায়ী অর্থ উদ্ধার, অনিয়মে জড়িতদের চিহ্নিতকরণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নিতে সময়সীমা বেঁধে দিয়েছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বৈঠকে প্রকাশ পায়, অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে দাবি করা অর্থের সপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে ব্যর্থ হয়েছে। ফলে অডিট বিভাগ তা সরাসরি প্রত্যাখ্যান করে। এ অবস্থায় অনাদায়ী অর্থ উদ্ধার ও সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতিসংক্রান্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আগামী এক মাসের মধ্যে কমিটিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার বিধান না থাকা সত্ত্বেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ‘ড্যাশ-৮’ উড়োজাহাজ মেয়াদ শেষে কিনে বিপুল সরকারি অর্থের অপচয় করা হয়েছিল। বৈঠকে এ ক্রয়ের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে তলব করা হয়েছে। একই সাথে সরকারি অর্থ অপচয়ের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।এছাড়া ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়ে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ইকোনমি থেকে বিজনেস ক্লাসে উন্নীতকরণের সংগৃহীত বাড়তি অর্থ বিমানের মূল অ্যাকাউন্টিং সিস্টেমে জমা না পড়ার ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে। এ কারণে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু করেছে এবং গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব ডেটা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।বাণিজ্যিক সম্ভাব্যতা ছাড়া পর্ষদের সিদ্ধান্তে লোকসানি রুট চালানো, টিকিট সেবা দেওয়া প্রতিষ্ঠান ‘স্যাবর’-এর সঙ্গে চুক্তির শতভাগ কাজ না পেয়েও পুরো অর্থ পরিশোধ এবং করোনাকালে ঢাকা-গুয়াংজু চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শেষ করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন। এছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বিমানের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানে অনিয়ম ও ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি: সংসদীয় কমিটির তলব