‘ফুল অউর কাঁটে’ নির্মাতা কুকু কোহলির মৃত্যু
বলিউডের জনপ্রিয় নির্মাতা কুকু কোহলি আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।কুকু কোহলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। প্রিয় বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।অশোক পণ্ডিত জানান, কুকু কোহলি তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি নিজের খাবার ও জীবনযাপন নিয়েও তিনি সচেতন ছিলেন। সবসময় প্রাণবন্ত ও ইতিবাচক থাকতেন কুকু কোহলি। তাই তাঁর আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই বিস্মিত ও মর্মাহত হয়েছেন বলে জানান অশোক পণ্ডিত।[BANGVIEWS-POST:4513]কুকু কোহলির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পেশাগত সম্পর্কের কথাও স্মরণ করেন অশোক পণ্ডিত। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ সিনেমার মাধ্যমে অজয় দেবগণকে বলিউডে পরিচিত করে তোলেন কুকু কোহলি। সিনেমাটিতে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছিলেন মাধু।পরিচালনায় আসার আগে কুকু কোহলি দীর্ঘ সময় কিংবদন্তি নির্মাতা রাজ কাপুরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে নিজস্ব নির্মাণশৈলীর মাধ্যমে বলিউডে পরিচিতি অর্জন করেন তিনি।১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘ফুল অউর কাঁটে’ কুকু কোহলির ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের মাধ্যমে অজয় দেবগণ ও মাধুর বলিউড ক্যারিয়ারেরও সূচনা হয়।[BANGVIEWS-POST:4512]কুকু কোহলির পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সুহাগ’, ‘হকীকত’, ‘আনাড়ি নং ১’, ‘জুলমি’ ও ‘ইয়ে দিল আশিকানা’। তাঁর পরিচালিত সর্বশেষ সিনেমা ‘ওহ তেরা নাম থা’, যা ২০২৪ সালে মুক্তি পায়।কুকু কোহলির মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা শোক প্রকাশ করে প্রয়াত নির্মাতার অবদান স্মরণ করছেন।