ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া এখনও ২৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির অগ্নিনির্বাপন কর্তৃপক্ষের ভাষ্য, এটি স্পেনের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দাবানল।শুক্রবার (১০ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আন্দালুসিয়ার আলমেরিয়া প্রদেশের লোস গালিয়ার্দোস এলাকার বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ উপেক্ষা করে অনেকেই গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন। এতে আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন স্প্যানিশ নাগরিক এবং বাকিদের বেশিরভাগই বিদেশি বলে ধারণা করা হচ্ছে।আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান আন্তোনিও সান্স জানান, ডান পাশে স্টিয়ারিং থাকা একটি গাড়ি থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ব্রিটিশ নাগরিক। এছাড়া আরও আটজন গাড়ি ছেড়ে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে আগুনে পুড়ে মারা যান। অনেক মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো বলেন, আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ২০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। প্রবল বাতাসের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।কর্তৃপক্ষের ধারণা, নিখোঁজদের মধ্যে কয়েকজন পর্যটক ও পর্বতারোহী রয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি হাঁটার লাঠিও উদ্ধার করেছেন, যা এ ধারণাকে আরও জোরালো করেছে।চলতি বছর স্পেনে স্বাভাবিক সময়ের আগেই দাবানলের মৌসুম শুরু হয়েছে। একের পর এক তাপপ্রবাহে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউরোপীয় বন অগ্নি তথ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫৭ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে সড়কের পাশের খাদে পড়ে আগুনের সূত্রপাত হয়। তবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এ দাবির সঙ্গে একমত নয়। এদিকে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, গ্রীষ্মকাল এখনও দীর্ঘ হওয়ায় সামনে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে।

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩