জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট বেশি, এমপিদের নিতে হবে দুটি শপথ: আলী রীয়াজ

- আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 10
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটে অধিকাংশ ভোটারের সম্মতির পর নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ ২০২৫–এ স্পষ্টভাবে বলা আছে যে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। একইসঙ্গে তাদের দুটি শপথ গ্রহণ করতে হবে—একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।
তিনি জানান, আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ ১৮০ দিন নির্ধারিত রয়েছে। এই সময়সীমার মধ্যেই পরিষদকে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে জুলাই সনদের সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে বেশিরভাগ ভোটার সম্মতি দিয়েছেন।
উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, একটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আসন অনুপাতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব থাকতে পারে, তবে গণভোটে যে প্রস্তাব গৃহীত হয়েছে তা আলাদা বিষয়। তিনি এটিকে দলীয় অবস্থান ও জনরায়ের পৃথক দিক হিসেবে উল্লেখ করেন।
ভোটের হারে পার্থক্য নিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনের ঘোষিত ফল এখনো সব আসনের নয়। তিনটি আসনের ফল যুক্ত হলে ভোটের হার বাড়তে পারে। এছাড়া কেউ কেউ শুধু গণভোটে অংশ নিয়েছেন, সংসদ নির্বাচনে নয়—এমন ঘটনাও ঘটেছে। প্রায় দুই শতাংশ ব্যবধানকে অস্বাভাবিক মনে করছেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঘোষিত ফল অনুযায়ী ২৯৭ আসনে সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে ২৯৯ আসনের গণভোটে ভোট দিয়েছেন ৬১ দশমিক ০৩ শতাংশ ভোটার।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।





























