পরাজয়ের পরও বার্তা: দেশে থেকেই পরিবর্তনের পথে তাসনিম জারা

- আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
নির্বাচন শেষে দেশ ছেড়ে যাওয়ার গুঞ্জনকে নাকচ করে ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, তিনি দেশে থেকেই রাজনৈতিক পরিবর্তনের লড়াই চালিয়ে যাবেন। তার মতে, একটি নির্বাচনে জয় বা পরাজয়ই শেষ কথা নয়; দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনই তার মূল লক্ষ্য।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানান তাসনিম জারা। পোস্টে তিনি বলেন, অনেকেই ভাবছেন নির্বাচন শেষ হলে তিনি যুক্তরাজ্যে ফিরে যাবেন। তবে তিনি স্পষ্ট করে জানান, তিনি কোথাও যাচ্ছেন না। “আমার শেকড় এই দেশে, আমার কাজও এখানেই”—এমন বার্তাও দেন তিনি।
তাসনিম জারা বলেন, তার রাজনীতিতে আসার উদ্দেশ্য কোনো একক নির্বাচনী লড়াই নয়। বরং এটি দীর্ঘমেয়াদি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিক অংশ। তিনি মনে করেন, সক্রিয় নাগরিক অংশগ্রহণ এবং সচেতন নাগরিকত্বের চর্চাই ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হওয়া উচিত।
প্রচারণাকালে নারীদের অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের উপস্থিতি আলোচনা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে। তরুণী ও কিশোরীদের উদ্দেশে তিনি বলেন, স্বপ্ন দেখতে ভয় পাওয়ার কিছু নেই এবং ক্ষমতার কেন্দ্রে তাদেরও অধিকার রয়েছে।
তিনি স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করে বলেন, পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। পাশাপাশি তাদের সংগঠিত ও সক্রিয় থাকার আহ্বানও জানান তিনি।
তাসনিম জারা পোস্টে আরও বলেন, “আমাদের সেরা সময় এখনো সামনে।” তার দাবি, নির্বাচনে পাওয়া ভোট ভবিষ্যৎ পথচলার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে এবং মানুষ পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে।
গণতন্ত্র টিকিয়ে রাখতে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে সচেতন নাগরিক ও সাহসী প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা গেলে সামনে আরও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি সম্ভব হবে।
























