রাষ্ট্র চলবে ৩১ দফা ও জুলাই সনদ মেনে, জানালেন সালাহউদ্দিন

- আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 19
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামীর রাষ্ট্র পরিচালনা করা হবে বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ এবং ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন বলেন, এবারের নির্বাচন প্রত্যাশা অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তার ভাষ্য, দেশি-বিদেশি পর্যবেক্ষকরাও সন্তোষ প্রকাশ করেছেন। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে পরিস্থিতি শান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি। ভোটারদের পাশাপাশি যারা কেন্দ্র পাহারা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান বিএনপির এই নেতা।
সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হবে। ‘জুলাই সনদ’কে রাজনৈতিক সমঝোতার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে তিনি জানান, সেটিও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা করলে সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ঘোষিত ২৯৫টি আসনের ফলাফলে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি জোট। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট পেয়েছে ৭৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১০টি আসনে।
দুই আসনে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের আমির ড. শফিকুর রহমান জয়ী হয়েছেন ঢাকা-১৫ আসনে। এছাড়া বিভিন্ন আসনে জয় পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
অন্যদিকে কয়েকজন আলোচিত প্রার্থী পরাজিত হয়েছেন। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস জয় পেয়েছেন এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে। চট্টগ্রাম-১১ আসনে জয়ী হয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বিজয়ী হয়েছেন।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি।
























