ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের ব্যবস্থা বাতিল চেয়ে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তার সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন বাজেট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো অথবা কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে খাবার নিয়ে আসার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে।রোববার (২৯ নভেম্বর) জনস্বার্থে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতা, মানসিক কর্মক্ষমতা এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বজায় রাখতে পর্যাপ্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করা প্রয়োজন। বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির পরিস্থিতিতে ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব নয় বলে দাবি করেছেন নোটিশদাতা আইনজীবী।তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খাবারের বিষয়ে কোনো বাধ্যবাধকতা আরোপের দাবি জানানো হয়নি। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত পছন্দ, জীবনযাপন কিংবা রাজনৈতিক বিবেচনায় দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য সম্মিলিত ১৫০ টাকা ব্যয় করতে চাইলে তিনি সম্পূর্ণ স্বাধীন থাকবেন।নোটিশে বাংলাদেশের সংবিধানের ২১(১), ২১(২) ও ১৮(১) অনুচ্ছেদের উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংবিধানের ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির দায়িত্ব জনগণের সেবা করার চেষ্টা করা। অন্যদিকে ১৮(১) অনুচ্ছেদে জনগণের পুষ্টির মান ও জনস্বাস্থ্যের উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।সম্প্রতি প্রকাশিত সংবাদের ভিত্তিতে নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য জনপ্রতি মোট ১৫০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও একই বরাদ্দ কার্যকর করার বিষয়টি নোটিশে তুলে ধরা হয়।এর আগে গত এপ্রিলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে জনপ্রতি ১৫০ টাকা বাজেট নির্ধারণের তথ্য প্রকাশিত হয়েছিল।আইনি নোটিশে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব এবং প্রজাতন্ত্রের পেশাদার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও অবস্থানের মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে।নোটিশদাতা আইনজীবীর যুক্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। তিনি ব্যক্তিগতভাবে মিতব্যয়ী জীবনযাপন করতে পারেন। খাবারের ব্যয় কম রাখা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা রাজনৈতিক অবস্থানের অংশ হতে পারে।অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা, আমলা ও নীতিনির্ধারণী কাজে যুক্ত ব্যক্তিরা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। তাঁদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক সক্ষমতা বজায় রাখা জরুরি বলে নোটিশে দাবি করা হয়েছে।আইনজীবী মাহমুদুল হাসান মামুনের বক্তব্য অনুযায়ী, ঢাকার বর্তমান বাজারদরে মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে পর্যাপ্ত আমিষ, ভিটামিন, ক্যালরি ও সুষম পুষ্টি নিশ্চিত করা সম্ভব নয়।নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, পর্যাপ্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা না থাকলে কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হতে পারে। এতে দেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে যুক্তি তুলে ধরা হয়েছে।এ পরিস্থিতিতে নোটিশ পাওয়ার আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আইনজীবী মাহমুদুল হাসান মামুন।তাঁর দাবির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫০ টাকার দুপুরের খাবার ও বিকেলের নাস্তার অভিন্ন ব্যবস্থা বাতিল করা এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে সরকারি খাবারের বাজেট ও বরাদ্দের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।বিকল্প হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ বাসা থেকে পুষ্টিকর খাবার নিয়ে আসার সুযোগ নিশ্চিত করতে আনুষ্ঠানিক নির্দেশ জারির দাবিও জানানো হয়েছে।তবে প্রধানমন্ত্রীর নিজের খাবারের বাজেট ১৫০ টাকা রাখার সিদ্ধান্তে হস্তক্ষেপের কোনো দাবি নোটিশে করা হয়নি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের ব্যবস্থা বাতিল চেয়ে আইনি নোটিশ
Richman