বিকেল ৩টায় বসছে সংসদ, আসতে পারে ছয় গুরুত্বপূর্ণ বিল
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বুধবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিফ হুইপ বলেন, বিরোধী দলের কাছ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্র সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এবারের অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিনের হতে পারে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষাসংক্রান্ত বিল রয়েছে।[BANGVIEWS-POST:4547]সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত প্রস্তাবিত আইনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার তাদের থাকবে। সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানদের অবহেলা ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দেশের স্বার্থে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অঙ্গীকার যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী, বিএনপি থেকে সাতজন ও জামায়াত থেকে পাঁচজন সদস্য রাখা হতে পারে। অন্যান্য ছোট দল থেকেও প্রতিনিধি রাখার প্রস্তাব রয়েছে। বিরোধী দল সদস্যদের নাম দিলে তাদের প্রতিনিধিও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।[BANGVIEWS-POST:4546]এদিকে অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।চিফ হুইপ আশা প্রকাশ করেন, তৃতীয় অধিবেশনের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদ কার্যকর ভূমিকা রাখবে।