ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশের স্বার্থে কোথাও কোনো ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বর্তমান সরকার কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশকে মনে-প্রাণে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবেই গভীর ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে নাগরিক হিসেবে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কৃত্রিম বিভাজনের কোনো স্থান নেই। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি মানুষের একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। সবাইকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণই বিএনপির রাজনৈতিক আদর্শ বলে জানান তিনি।রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হলেও তারা পুনরায় দেশকে অস্থিতিশীল করার নানামুখী অপতৎপরতা ও ষড়যন্ত্রের জাল বুনছে। তবে দেশবাসী সচেতন থাকায় তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে পারেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ ও সজাগ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং শেষ পর্যন্ত সব ষড়যন্ত্রকারী ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

দেশের স্বার্থে কোথাও কোনো ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু