ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলের রাজত্ব বার্সেলোনার

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে চলতি মৌসুমে গোল করার দৌড়ে সবার ওপরে রয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে কাতালান ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১১ ম্যাচে প্রতিপক্ষের জালে ৪৮ বার বল পাঠিয়েছে। ম্যাচপ্রতি গড় গোল ৪ দশমিক ৩৬। এমন আক্রমণাত্মক ফুটবলে একাধিক ঐতিহাসিক রেকর্ডের সম্ভাবনাও তৈরি হয়েছে।স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ৯ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে বার্সেলোনা। এই ৯ ম্যাচে লামিনে ইয়ামাল ও রাফিনিয়াদের দল করেছে ৩৯ গোল।শনিবার (১৭ অক্টোবর) রাতে রিয়াল বেতিসের বিপক্ষেও গোলের ধারাবাহিকতা ধরে রাখে কাতালানরা। ম্যাচটিতে ৫-২ ব্যবধানে জয় তুলে নেয় বার্সেলোনা। দলের হয়ে গোলের সূচনা করেন লামিনে ইয়ামাল।তবে বড় ব্যবধানে জয়ের পরও উচ্ছ্বাসে ভেসে যাননি বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তার লক্ষ্য মৌসুম শেষে শিরোপা জয়।ফ্লিক বলেন, ‘ভালো। তবে আমাদের লক্ষ্য ট্রফি। আমরা এর চেয়েও বড় কিছু জিততে চাই। ফুটবল তো সে জন্যই খেলি।’ঘরোয়া লিগের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগেও গোলের ধারাবাহিকতা বজায় রেখেছে বার্সেলোনা। প্রতিযোগিতাটিতে প্রথম দুই ম্যাচে ৯ গোল করেছে তারা। ফলে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১১ ম্যাচে দলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৮।ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে গোলসংখ্যার তুলনায় বার্সেলোনার পরেই রয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটি ১০ ম্যাচে করেছে ৩৬ গোল। সমান ১০ ম্যাচে ২৯টি করে গোল নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে ফ্রেইবুর্গ ও ব্রাইটন। অন্যদিকে ১১ ম্যাচে ২৮ গোল করেছে ম্যানচেস্টার সিটি।অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের চেয়েও ১২ গোল এগিয়ে রয়েছে বার্সেলোনা।এই দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা বজায় থাকলে ইউরোপীয় ফুটবলের পুরোনো কিছু রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে পারে কাতালান ক্লাবটি।ইউরোপের বড় লিগগুলোর ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নজির গড়েছিল ইতালির তুরিনো। ১৯৪৭-৪৮ মৌসুমে দলটি লিগে ১২৫ গোল করেছিল।এরপর রয়েছে রিয়াল মাদ্রিদের দুটি উল্লেখযোগ্য মৌসুম। ২০১১-১২ মৌসুমে ১২১ গোল এবং ২০১৪-১৫ মৌসুমে ১১৮ গোল করেছিল মাদ্রিদের ক্লাবটি। বার্সেলোনা নিজেও ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় ১১৬ গোল করার কীর্তি গড়েছিল।সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে বার্সেলোনার সর্বোচ্চ গোলের রেকর্ড ১৯০টি। ২০১১-১২ মৌসুমে ৬৪ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিল তারা। সেই মৌসুমে একাই ৭৩ গোল করেছিলেন লিওনেল মেসি।এবার মৌসুমের প্রথম ১১ ম্যাচেই ৪৮ গোল করে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ডের প্রায় এক-চতুর্থাংশ ছুঁয়ে ফেলেছে বার্সেলোনা।তবে রেকর্ডের সম্ভাবনা তৈরি হলেও কোচ হ্যান্সি ফ্লিকের কাছে ব্যক্তিগত কিংবা দলীয় গোলের পরিসংখ্যানের চেয়ে শিরোপা জয়ই বেশি গুরুত্বপূর্ণ।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলের রাজত্ব বার্সেলোনার