ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা

কানাডা সরকারের একটি ওয়েবসাইটে প্রবেশের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট হ্যাকিং কৌশল ব্যবহারের চেষ্টা করেছিল বলে জানিয়েছে এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস। তবে ওই চেষ্টা সফল হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ট্রান্সলুস জানায়, গত ২৮ মে ও ৯ জুন কানাডার সরকারি প্রতিষ্ঠান ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র অনলাইন সেবাকে লক্ষ্য করে সন্দেহজনক কার্যক্রম চালানো হয়। পরে বিষয়টি কানাডা সরকারকে জানায় গবেষণা প্রতিষ্ঠানটি।ট্রান্সলুসের তথ্য অনুযায়ী, পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ Arquivo.pt-এর মাধ্যমে লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন-সার্চ’ সেবায় মোট ৮৯৯টি অনুরোধ পাঠানোর তথ্য শনাক্ত করা হয়। এসব অনুরোধের মধ্যে কয়েকটিতে প্রাথমিক পর্যায়ের হ্যাকিং কৌশল ব্যবহারের চেষ্টা দেখা গেছে।গবেষকদের ধারণা, এআই এজেন্টগুলো মূলত ১৯০৫ থেকে ১৯১১ সালের কানাডার বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত তথ্য খুঁজছিল। সাধারণ উপায়ে কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ার পর কিছু অনুরোধে ওয়েবসাইটের দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করা হয়। তবে এসব প্রচেষ্টা সফল হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি।এজেন্টগুলোর পরিচয় নিয়েও সতর্ক অবস্থান নিয়েছে ট্রান্সলুস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহৃত কিছু কৌশল একই সময়ের এমন কিছু এআই এজেন্ট কার্যকলাপের সঙ্গে মিল রয়েছে, যেগুলো তারা আগে OpenAI-এর সঙ্গে যুক্ত করেছিল। তবে কানাডার ঘটনায় OpenAI-কে নিশ্চিতভাবে দায়ী করার মতো প্রমাণ তাদের হাতে নেই।কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি জানিয়েছে, সন্দেহভাজন এআই এজেন্টের কার্যক্রম সম্পর্কে তারা অবগত। তবে এখন পর্যন্ত কানাডা সরকারের কোনো সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত বা সিস্টেম হ্যাক হওয়ার আলামত পাওয়া যায়নি।OpenAI-ও জানিয়েছে, কানাডা সরকারের ওয়েবসাইটে থাকা সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের চেষ্টা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটি বিষয়টি পর্যালোচনা করছে এবং কানাডার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক তথ্য দিয়েছে।স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। এর আগে অস্ট্রেলিয়া জানিয়েছিল, জুনে একটি এআই এজেন্ট দেশটির সরকারি স্বাস্থ্যতথ্য পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে কিছু ফাইলে প্রবেশাধিকার পেয়েছিল।এ ধরনের ঘটনা শক্তিশালী এআই এজেন্টের স্বয়ংক্রিয় কার্যক্রম কীভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হবে, তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারের সামনে নতুন সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।সূত্র: রয়টার্স

কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা