দেশে ৫ কোটি মানুষ লিভার রোগে আক্রান্ত, বিশেষজ্ঞ মাত্র ১৪০
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে লিভারের নানাবিধ জটিল রোগ। বর্তমানে দেশের প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত এবং বিভিন্ন ধরনের লিভার সমস্যায় ভুগছেন প্রায় পাঁচ কোটি মানুষ। তবে রোগীর এই বিশাল সংখ্যার বিপরীতে দেশজুড়ে হেপাটোলজি (লিভার) বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১৪০ জন। দ্রুত ব্যাপক সচেতনতা ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না গেলে ভবিষ্যতে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের ঝুঁকি চরম আকার ধারণ করবে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডা. সামসুল আলম খান মিলন মিলনায়তনে হেপাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ডিএমসি লিভার ফেস্ট ২০২৬’-এ বিশেষজ্ঞরা এসব উদ্বেগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে লিভার রোগ প্রতিরোধ, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি ও বিশেষজ্ঞ চিকিৎসক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।অনুষ্ঠানের বৈজ্ঞানিক সেশনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জানান, দেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে এবং প্রায় ৮৫ লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আগে দীর্ঘমেয়াদি লিভার রোগের প্রধান কারণ হিসেবে হেপাটাইটিস বি ও সি ভাইরাস দায়ী থাকলেও বর্তমানে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে ফ্যাটি লিভারের প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে।ঢামেকের হেপাটোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. জান্নাতুল হাবিবা নীলা সতর্ক করে বলেন, ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি চারজনের একজনের ওজন স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কম থাকে; ফলে কেবল বাহ্যিক শারীরিক ওজন দেখে লিভার সুস্থ রয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না। এ ছাড়া দেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ৬৮ দশমিক ৮ শতাংশই ফ্যাটি লিভারে ভুগছেন। এ রোগ প্রতিরোধে তিনি সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার তাগিদ দেন।অনুষ্ঠানে বিএমইউর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনুল আলম গবেষণা ও আধুনিক চিকিৎসা সুবিধা বাড়াতে দেশে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ ‘লিভার ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার জোর দাবি জানান। ঢামেক হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম শাকিল গনি উল্লেখ করেন, মাত্র চারটি কক্ষে সীমিত সুযোগ-সুবিধা ও স্বল্প জনবল নিয়ে বিভাগটিকে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হচ্ছে।এদিকে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক কার্যক্রমের কথা উল্লেখ করে ডা. সাইফুল ইসলাম জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দেশে ছয়টি সফল লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আশ্বাস দিয়ে বলেন, অচিরেই সরকারি হাসপাতালগুলোতে লিভার প্রতিস্থাপন কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং লিভারের উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।