ইয়েমেনে জোটের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত: হুথি মিডিয়া
ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো। দেশটির কৌশলগত আল-জাওফ, আল-বায়দা, সা’দা ও তাইজ প্রদেশে এসব আক্রমণ চালানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অঞ্চলে মোট ১০৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাজধানী সানাসহ একাধিক প্রদেশে পরিচালিত এসব অভিযানের লক্ষ্যবস্তুর মধ্যে বেসামরিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল বলে তিনি দাবি করেন।এদিকে পাল্টা অবস্থানে বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, আল-জাওফ প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত কৌশলগত আল-দাহিদাহ পর্বতমালায় তারা আরও অগ্রসর হতে সক্ষম হয়েছে। হুথিদের বিরুদ্ধে চলমান সমন্বিত সামরিক অভিযানের অংশ হিসেবে এ অগ্রগতি অর্জিত হয়েছে। এর আগের দিনই ওই পর্বতমালার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উচ্চভূমির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল সরকারি বাহিনী।সরকারি বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, বিভিন্ন ফ্রন্টে হুথিদের সামরিক সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। এসব সুনির্দিষ্ট হামলায় হুথি যোদ্ধাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করে তারা। এছাড়া ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া উইং বুধবার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজম অঞ্চলে হুথি অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনীর সাঁড়াশি অভিযানের দৃশ্য তুলে ধরা হয়।সূত্র: আল জাজিরা