ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদির বিরুদ্ধে প্রচারযুদ্ধে এপস্টিন ফাইল ব্যবহার করছে হুতিরা

সৌদি আরবের বিরুদ্ধে চলমান দীর্ঘ সামরিক ও রাজনৈতিক লড়াইয়ে এবার অপ্রচলিত এক মনস্তাত্ত্বিক হাতিয়ার ব্যবহার করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। নতুন কোনো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা আত্মঘাতী ড্রোনের পরিবর্তে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী ও সাবেক অর্থলগ্নিকারী জেফরি এপস্টিনের নাম এবং তাঁর সম্পর্কিত সম্প্রতি প্রকাশিত বিতর্কিত নথিগুলোকে সামনে এনে সৌদি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক বিশদ অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক ধাপে ধাপে প্রকাশিত এপস্টিন-সংক্রান্ত নথিপত্রকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে হুতিরা। এসব নথিতে উল্লিখিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি রাজদরবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা একসময় এপস্টিনকে পবিত্র কাবার গিলাফের নকশা ও আবরণসংবলিত ট্যাপেস্ট্রি (দেয়ালে ঝোলানোর কাপড়) উপহার হিসেবে দিয়েছিলেন। এই বিষয়টিকে পুঁজি করে হুতিরা তাদের আনুষ্ঠানিক বিবৃতি, ভিডিও কনটেন্ট, রাজনৈতিক গান, পথবক্তৃতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্বদের (ইনফ্লুয়েন্সার) মাধ্যমে সৌদাবিরোধী এক তীব্র বয়ান দাঁড় করিয়েছে।গত মাসে সৌদি আরব অভিযোগ তোলে যে, হুতি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফ সংবলিত মক্কা নগরীকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তবে হুতিরা তা সরাসরি অস্বীকার করে উল্টো সৌদি আরবের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনে। হুতি-নিয়ন্ত্রিত প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব মাহদি আল-মাশাত এক বক্তব্যে বলেন, “যারা অতীতে এপস্টিনের মতো চরম অপরাধীকে কাবার গিলাফ উপহার দিয়েছিল, প্রকৃতপক্ষে তারাই আজ মক্কাকে নিশানা করে মিথ্যাচার করছে।” এই বিতর্ক নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।এই প্রচারকে আরব বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের ব্যবহার করছে হুতি গোষ্ঠী। এক্সে (সাবেক টুইটার) ২৭ লাখের বেশি অনুসারী থাকা ইয়েমেনি কৌতুকাভিনেতা মোস্তফা আল-মোমারি এপস্টিন নথি ও সৌদি নীতির সমালোচনা করে একাধিক ভিডিও তৈরি করেছেন। এমনকি গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণেও নিয়মিতভাবে এপস্টিন নেটওয়ার্ককে ‘জায়নবাদী ষড়যন্ত্রের আঁতুড়ঘর’ হিসেবে চিহ্নিত করে বক্তৃতা দেওয়া হচ্ছে। নিউইয়র্ক টাইমসের ভাষ্যমতে, হুতিদের এই ধারাবাহিক ডিজিটাল প্রচারণা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং মার্কিন ডানপন্থি অনলাইন প্রভাবশালী ব্যক্তিত্ব—যেমন পডকাস্টার জেক শিল্ডসের মতো পশ্চিমা কন্টেন্ট ক্রিয়েটরদের সহানুভূতি অর্জনেও ভূমিকা রাখছে।সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

সৌদির বিরুদ্ধে প্রচারযুদ্ধে এপস্টিন ফাইল ব্যবহার করছে হুতিরা