ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজায় হিলি বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে এই বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য পরিবহন হবে না। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হবে।ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে এ সিদ্ধান্ত জানিয়েছে।হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন বলেন, “আগামী ১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এই কারণে ভারতের ব্যবসায়ীরা সেই দেশের বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি পরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগামী ১৭-২২ অক্টোম্বর পর্যন্ত এই ৭দিন বন্দরের মাধ্যমে সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি তারা আমাদের পত্র দিয়ে অফিসিয়ালভাবে জানিয়েছেন।”তিনি আরও জানান, বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট সবাইকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ অক্টোবর থেকে হিলি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।তবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৈধ পাসপোর্ট ও ভিসাধারীরা নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া বলেন, “বাংলাদেশ ও ভারতে যেকোনো উৎসব বা সরকারি ছুটিতেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসাধারী যেকোনো যাত্রী বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেন। সরকারের সেই নির্দেশনা মোতাবেক আমরা দায়িত্ব পালন করছি। তাই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোন সম্পর্ক নাই।”অন্যদিকে হিলি স্থল কাস্টমস স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, পূজার সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমস স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চলবে। ভারতের ব্যবসায়ীদের ছুটির সঙ্গে হিলি কাস্টমসের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।তাদের ভাষ্য অনুযায়ী, কাস্টমস অফিস খোলা থাকায় ব্যবসায়ীরা চাইলে সরকারি শুল্ককর পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্যের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

দুর্গাপূজায় হিলি বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ