ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘মহব্বত’ নিয়ে ফিরছেন শাকিব-হিমেল, মুক্তি কোরবানির ঈদে

অ্যাকশননির্ভর একাধিক সিনেমার পর এবার পুরোদস্তুর প্রেমের গল্পে ফিরছেন শাকিব খান। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আগামী বছরের কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি পোস্টারও।পোস্টারে কালো ওভারকোট পরা এক যুবককে হেঁটে যেতে দেখা যায়। তার হাত ধরে আছেন এক তরুণী। পোস্টারের ওপরের অংশে লাল রঙে লেখা রয়েছে ‘মহব্বত’।সিনেমার নায়ক হিসেবে শাকিব খানের নাম জানা গেলেও তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা।সিনেমাটি নিয়ে হিমেল আশরাফ লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফের পরিচালনায় সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। তাদের নতুন সিনেমা আসার খবর আগে জানা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হলো।এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেন শাকিব। পরে ‘রাজকুমার’-এ আবারও একসঙ্গে কাজ করেন তারা।নতুন সিনেমা ‘মহব্বত’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর প্রযোজনাও করেছিলেন তিনি। ফলে ‘মহব্বত’-এর মাধ্যমে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের নির্মাতা-অভিনেতা-প্রযোজক ত্রয়ী আবারও একসঙ্গে কাজ করছেন।সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানকে মূলত অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এ অ্যাকশননির্ভর চরিত্রে হাজির হয়েছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় তাকে গায়কের চরিত্রে দেখা গেছে।এবার ‘মহব্বত’-এর মাধ্যমে আবারও প্রেমের গল্পে পর্দায় ফিরছেন এই অভিনেতা।

‘মহব্বত’ নিয়ে ফিরছেন শাকিব-হিমেল, মুক্তি কোরবানির ঈদে