নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালে হতাহতের এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জনগণকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত সীমান্তসংলগ্ন সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। মিছিল চলাকালে উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা বহনকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিরোধ শুরু হলে তা পরে সংঘর্ষে রূপ নেয়।পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি ছোড়া হলে দুজন নিহত হন। এছাড়া কারফিউ চলাকালে পার্শ্ববর্তী সিরাহা জেলায় একটি বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়।[BANGVIEWS-POST:2841]পরিস্থিতির অবনতি ঠেকাতে সুনসারি ও আশপাশের কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।এদিকে, বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নাগরিক, রাজনৈতিক দল, ধর্মীয় নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতি ধৈর্য, সংযম ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন।কর্তৃপক্ষের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ন্যূনতম শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করছে, যাতে সরকারি সম্পদ রক্ষা এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করা যায়।
উল্লেখ্য, নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীরও বসবাস রয়েছে।সূত্র: আল জাজিরা