ক্যানসার জানার পরই বিয়ের সিদ্ধান্ত: হিনা খানের অজানা গল্প
দীর্ঘ প্রায় ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও বিয়ে নিয়ে কখনোই তেমন তোড়জোড় ছিল না বলিউড অভিনেত্রী হিনা খান ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের। তবে মরণব্যাধি তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের চরম অনিশ্চয়তা তাঁদের দীর্ঘদিনের সেই চিন্তাভাবনা এক নিমেষে বদলে দেয়। অসুস্থতার মধ্যেই ঘরোয়া পরিবেশে রকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা; আর সেই পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র ১৫ মিনিটেরও কম।সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার উপস্থাপনায় জনপ্রিয় টকশো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে নিজের এই আকস্মিক বিয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রকাশ করেন হিনা খান।অনুষ্ঠানে হিনা জানান, তাঁদের বিয়ের সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ তাৎক্ষণিক, যার জন্য আগে থেকে কোনো পূর্বপ্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। এক দশকেরও বেশি সময় একসঙ্গে পথচলার পরও বিয়েকে কখনোই সম্পর্কের একমাত্র পরিণতি হিসেবে ভাবেননি তাঁরা। তবে স্তন ক্যানসার ধরা পড়ার পর জীবনের অনিশ্চয়তার কথা ভেবে তিনি রকির সামনে দুটি পথ উন্মুক্ত রেখেছিলেন। তিনি রকিকে স্পষ্টভাবে জানিয়েছিলেন, রকি চাইলে তাঁকে ছেড়ে নতুনভাবে জীবন শুরু করে অন্য কাউকে বিয়ে করতে পারেন, অথবা তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা জেনেও রকি হিনাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।হিনা স্মৃতিচারণ করে বলেন, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে পারিবারিকভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সানিয়া মির্জা বিয়ের সময়সীমা নিয়ে জানতে চাইলে হিনা নিশ্চিত করেন যে অনুষ্ঠানটি সত্যিই ১৫ মিনিটেরও কম সময়ে শেষ হয়েছিল।বিয়ের পর তাঁদের ব্যক্তিগত সম্পর্কে তেমন কোনো বড় পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন অভিনেত্রী। এমনকি নিজেদের প্রথম বিবাহবার্ষিকীর দিনটির কথাও দুজনের কারও মনে ছিল না; পরে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তা পেয়ে তাঁরা বিশেষ দিনটির কথা স্মরণ করতে পারেন।