হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ট্রলারের ধাক্কা, এরপর কী হলো?
পিকনিকের আনন্দ শেষে বাড়ি ফেরার পথেই ঘটল দুর্ঘটনা। পাবনার ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে যান তিনজন। পরে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও মো. রকি (২২) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা তিনজন নদীতে পড়ে যান।নিখোঁজ রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। উদ্ধার হওয়া লিটন (৩৮) একই এলাকার বিদ্যুতের ছেলে। অপর উদ্ধার হওয়া ওয়াহাব (৪৫) কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে রাজশাহীতে পিকনিকে যায়। পিকনিক শেষে একই ট্রলারে করে বাড়ি ফেরার পথে পাকশী পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে ধাক্কা লাগে।খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে লিটন ও ওয়াহাবকে জীবিত উদ্ধার করা হয়। তবে রকির কোনো সন্ধান পাওয়া যায়নি।লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, ট্রলার থেকে পড়ে তিনজন নদীতে নিখোঁজ হয়েছিলেন। নৌ পুলিশ সদস্যরা দুজনকে জীবিত উদ্ধার করেছেন। নিখোঁজ রকিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।