জনগণকে রক্ষায় ১১ দলীয় ঐক্য মাঠে থাকবে: হামিদুর রহমান আযাদ
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণকে রক্ষায় ১১ দলীয় ঐক্য রাজপথে ও মাঠে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, গত কয়েক দিনের সহিংসতায় সারা দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের কয়েক মাসের কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছিল। গণভোটের রায় মানতে বিলম্ব না করলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না।’তবে সরকারপ্রধানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বলেও নিশ্চিত করেন ১১ দলীয় ঐক্যের এই সমন্বয়ক।ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জনগণকে রক্ষায় আবারও সব দলের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘চব্বিশের আন্দোলনে রাজপথে তৈরি হওয়া ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। যে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছে, তারাই ঐক্যবদ্ধ হয়ে নৈরাজ্য প্রতিরোধ করবে।’ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় সরকার আন্তরিকতা দেখাচ্ছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘গণভোটের গণরায় মেনে নিলে আবারও ঐক্য সম্ভব। সরকারের সমন্বয়ের অভাব থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তায় ১১ দল আপাতত সন্তুষ্ট।’এদিকে, আজকের বৈঠক থেকে দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতার প্রতিবাদে আগামী ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।