ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুরস্কার নিয়ে দেশে ফিরলেন চার বাংলাদেশি হাফেজ

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী বাংলাদেশের চার হাফেজ দেশে ফিরেছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।বিজয়ী হাফেজদের স্বাগত জানাতে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠানো হয়। অসুস্থতার কারণে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ নিজে উপস্থিত হতে পারেননি। তবে বিজয়ীদের অভ্যর্থনা জানাতে তার আগ্রহের কথা জানিয়েছে মন্ত্রণালয়।ধর্মমন্ত্রী চার হাফেজকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া চারজনই পুরস্কার অর্জন করেছেন। তাদের মধ্যে একজন প্রথম এবং তিনজন তৃতীয় স্থান লাভ করেছেন। এই সাফল্য দেশের জন্য গর্ব ও সম্মানের বলে উল্লেখ করেন তিনি।[BANGVIEWS-POST:4195]মন্ত্রীর নির্দেশে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এবং মন্ত্রীর একান্ত সচিব মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন হাফেজ অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশনের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের সৌদি আরবে পাঠানো হয়।প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন মুহাম্মদ জাকারিয়া। একই গ্রুপে নারী বিভাগে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। প্রথম স্থান অর্জন করায় জাকারিয়া পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল। রাবেতা পেয়েছেন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।এ ছাড়া তৃতীয় গ্রুপে পুরুষ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান এবং নারী বিভাগে তৃতীয় হন মুসফিরা বিনতে মাহমুদ। তারাও প্রত্যেকে ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল করে পুরস্কার পেয়েছেন।[BANGVIEWS-POST:4194]মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করছেন।রাবেতা বিনতে রমজান উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার শিক্ষার্থী। আর মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারীর সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসায় পড়ছেন।গত বুধবার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। প্রতিযোগিতার পাঁচটি গ্রুপে মোট ৫০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার নিয়ে দেশে ফিরলেন চার বাংলাদেশি হাফেজ