ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে ভারতের পক্ষ থেকেও একই ধরনের আগ্রহের দৃশ্যমান প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্পিকার বলেন, দুই দেশের সম্পর্ক হওয়া উচিত সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে। বাংলাদেশ ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, তবে সেই সম্পর্ক একপাক্ষিক হওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।ব্রিকস সম্মেলনের প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনো প্রধানমন্ত্রী হিসেবে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি। তার মতে, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের বিষয়ও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক তৎপরতার সুযোগ পাওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি। স্পিকারের ভাষ্য, এ ধরনের পরিস্থিতি ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত থাকলেও বাস্তবে সম্পর্ক উন্নয়নের স্পষ্ট অগ্রগতি আরও দৃশ্যমান হওয়া প্রয়োজন।অতীতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ হিসেবে বর্ণনার প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার বলেন, বাংলাদেশ এমন সম্পর্ক চায় না। বরং দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের সমমর্যাদার সম্পর্ক থাকা উচিত, সেটিই প্রত্যাশিত।হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং পররাষ্ট্রনীতিতে পারস্পরিক সম্মানকে গুরুত্ব দেওয়া উচিত।এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ ও সংস্কার কার্যক্রমেরও প্রশংসা করেন স্পিকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বড় ধরনের জনসমর্থন ও সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন। তবে দীর্ঘ সময়ের জমে থাকা নানা সংকট কাটিয়ে উঠতে সরকারের আরও সময় প্রয়োজন।সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সংসদে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হলে আইন ও সংবিধান সংশোধনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার