পশ্চিমতীরে ই'স'রাইলি হা'মলায় গুরুতর আ'হত মার্কিন সাংবাদিক
অধিকৃত পশ্চিমতীরে জলপাই সংগ্রহের সময় উগ্র ইসরাইলি বসতিস্থাপনকারীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এর খ্যাতিমান নারী ফটোসাংবাদিক হাইডি লেভিন। এ হামলায় সাংবাদিক লেভিনসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি কৃষক মারাত্মক জখম হয়ে রামাল্লার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।ঘটনাটি ঘটেছে পশ্চিমতীরের রামাল্লাসংলগ্ন আবু ফালাহ নামক গ্রামে। স্থানীয় ফিলিস্তিনি কৃষকরা যখন তাদের ঐতিহ্যবাহী বাগানের জলপাই কুড়ানো ও সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন, তখন সাংবাদিক হাইডি লেভিন সেখানে নিজের পেশাগত দায়িত্ব হিসেবে ছবি তুলছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ মুখ ঢাকা একদল উগ্র ইসরাইলি বসতিস্থাপনকারী লাঠিসোঁটা ও পাথর নিয়ে তাদের ওপর অতর্কিত চড়াও হয়। আতঙ্কে উপস্থিত সবাই নিরাপদ আশ্রয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা ফটোসাংবাদিক লেভিনকে ঘিরে ফেলে এবং মাটিতে ফেলে দেয়।রামাল্লার হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে লেভিন জানান, হামলাকারীরা স্পষ্টতই তাঁকে সংবাদকর্মী হিসেবে শনাক্ত করতে পেরেছিল। তা সত্ত্বেও তাঁকে মাটিতে ফেলে অন্তত ১০ মিনিট ধরে উপর্যুপরি লাথি মারা হয়। তাঁর ব্যবহৃত ক্যামেরা ও কাজের ব্যাগ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। তিনি ক্ষোভ জানিয়ে বলেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ অন্য একজন মানুষের ওপর এমন নির্মম অত্যাচার চালাতে পারে না।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায়, মুখোশধারী হামলাকারীরা ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে, কৃষকদের গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে এবং জলপাই বাগানের বহু গাছ জ্বালিয়ে ভস্মীভূত করছে। এই অতর্কিত হামলায় ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা নারী ও ৪০ বছর বয়সী এক কৃষকসহ আরও কয়েকজন ফিলিস্তিনি গুরুতর রক্তাক্ত হন। হামলা চলাকালে অদূরেই অবস্থানরত ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের সম্পূর্ণ নীরব ও নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায় দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।এ ন্যক্কারজনক ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এফপিএ) এবং ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ যৌথ বিবৃতিতে এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে চিহ্নিত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে। বৈশ্বিক প্রতিবাদের মুখে ইসরাইলি সামরিক বাহিনী ও পুলিশ জানিয়েছে যে তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। তবে ভুক্তভোগী সাংবাদিক ও ফিলিস্তিনি কৃষকদের আশঙ্কা, অতীতে বসতিস্থাপনকারীদের এমন বহু বর্বরতার মতো এবারও তদন্তের নামে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে।সূত্র: সিএনএন।