সৌদি আরবে ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্যে এবারের সম্মেলনে গুরুত্ব দেওয়া হচ্ছে স্মার্ট সমাধান ও উন্নত সেবাব্যবস্থার ওপর। প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান।রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেদ্দায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। সোমবার (৯ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং দেশটির ভিশন ২০৩০-এর আওতাধীন পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে চার দিনের এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।এদিকে সম্মেলনের মধ্যেই সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করবেন।