ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৭ পয়সার বেশি বাসভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

সরকার নির্ধারিত হারের বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নির্ধারিত বৃদ্ধির চেয়ে এক পয়সা বেশি নেওয়া হলেও জরিমানার পাশাপাশি রুট পারমিট বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সড়কমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য পরিবর্তনের সঙ্গে পরিবহন ব্যয়ের সম্পর্ক বিবেচনা করলে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা পর্যন্ত বৃদ্ধির হিসাব আসতে পারত। তবে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট পক্ষগুলোর বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত ১৭ পয়সা বাড়ানো হয়েছে।নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করেন মন্ত্রী। তিনি জানান, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।শেখ রবিউল আলম বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হতে পারে। ভবিষ্যতে ওই পরিবহনকে নতুন করে রুট পারমিট না দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। এর আগেও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন সড়কমন্ত্রী। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।এর আগে জ্বালানির মূল্যবৃদ্ধির পর চলতি বছরের এপ্রিলেও বাসভাড়া সমন্বয় করেছিল সরকার। তখন প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছিল। রেল ও নৌপথের ভাড়া নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন সড়কমন্ত্রী। তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রেনের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ এড়াতে রেলভাড়া না বাড়ানোর চেষ্টা থাকবে সরকারের। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বৈঠকের পর জানা যাবে।

১৭ পয়সার বেশি বাসভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী