ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্প কোনো পূর্বঘোষণা দিয়ে আসে না। আকস্মিক এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই ভূমিকম্পের আগেই প্রস্তুতি নিতে হবে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। তাই দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরি করতে হবে।তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিকম্প মোকাবিলায় মন্ত্রণালয় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে নিয়মিত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ মানুষের দক্ষতা বাড়ায় এবং তাকে দায়িত্ব পালনে সক্ষম করে তোলে।তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা প্রয়োজনের সময় মানবতার সেবায় দ্রুত এগিয়ে আসবেন।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।