এবার বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩টি সোনার ডিম, দাম কত?
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীর থেকে অভিনব কায়দায় লুকানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। জব্দকৃত এই সোনার ওজন ১ হাজার ২৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (ফ্লাইট নম্বর জি৯ ৫১৮) সোনা চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে নজরদারি জোরদার করা হয়।একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামের এক যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে লাগেজ সংগ্রহের জন্য ব্যাগেজ বেল্ট নম্বর-২ এলাকায় পৌঁছালে তার চলাফেরায় সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সোনা উদ্ধার করা হয়।কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত প্রতি পিস সোনার পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে মোট ১ হাজার ২৯০ গ্রাম এবং এর বিশুদ্ধতার মান ২৪ ক্যারেট। বিশেষজ্ঞ স্বর্ণকারের প্রাথমিক প্রত্যয়ন অনুযায়ী, এসব পেস্ট পরিশোধন করলে প্রায় ১ হাজার গ্রাম বা ১ কেজি খাঁটি স্বর্ণ মিলবে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।