ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানবন্দরে ৮৬১ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অভিযান চালিয়ে প্রায় ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।আটক ব্যক্তিরা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের বলে জানিয়েছে এপিবিএন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছিল।এপিবিএনের দাবি, আটক তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে শুক্রবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।পুলিশ জানায়, অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পরের যোগসাজশে অবৈধভাবে স্বর্ণ দেশে এনে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি আরও বলেন, স্বর্ণ ও মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএনের কার্যক্রম অব্যাহত থাকবে। বিমানবন্দরকে ব্যবহার করে কোনো ধরনের অবৈধ পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয়ভাবে কাজ করবে।

বিমানবন্দরে ৮৬১ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজন আটক