ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

যশোরে অভিযান চালিয়ে তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ৭৮০ গ্রাম। এ সময় একটি প্রাইভেট কারসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, স্বর্ণের বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদর দপ্তরের এক নম্বর ফটকের সামনে অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়েতুর রহমান (৩৮)।শুক্রবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এসব তথ্য জানান।তিনি বলেন, স্বর্ণ পাচারের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে বেনাপোলের দিকে যাওয়া একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।গাড়িতে থাকা তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের শরীরেও তল্লাশি চালান বিজিবি সদস্যরা। একপর্যায়ে তাঁদের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়।উদ্ধার করা স্বর্ণের মোট ওজন এক হাজার ৭৮০ গ্রাম। বিজিবির হিসাবে এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৫৬ লাখ টাকা। বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন ব্যক্তি জানিয়েছেন, তাঁরা ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোরে এসেছিলেন। এরপর বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাঁদের।তবে এই স্বর্ণের প্রকৃত মালিক কে, কোথা থেকে চালানটি সংগ্রহ করা হয়েছিল এবং ভারতে কার কাছে পৌঁছানোর কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।অভিযানে স্বর্ণের পাশাপাশি আরও কিছু মালামাল জব্দ করেছে বিজিবি।জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা।বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, উদ্ধার করা রুপার মূল্য সাত হাজার টাকা। জব্দ করা প্রাইভেট কারের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা, চারটি মোবাইল ফোনের মূল্য ৪৮ হাজার টাকা এবং দুটি হাতঘড়ির মূল্য তিন হাজার টাকা।সব মিলিয়ে স্বর্ণসহ জব্দ করা মালামাল ও নগদ অর্থের মোট আনুমানিক মূল্য তিন কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।বিজিবির অধিনায়ক জানান, স্বর্ণ পাচারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করে তাঁদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণ, রুপা, প্রাইভেট কার এবং অন্যান্য জব্দ করা মালামালও আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩