ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ধসে নিহত ৯, নিখোঁজ ১৭
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ধস ও পানি ঢুকে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হলেও খনির ভেতরের প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকর্মীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম জাভার বোগর জেলার সিগুহা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে স্বর্ণের খনির একটি অংশ ভেঙে পড়ে। এরপর খনির ভেতরে পানি প্রবেশ করলে সেখানে অবস্থানরত শ্রমিকেরা আটকা পড়েন।দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। তবে খনির ভেতরের পথ সরু ও অসমতল হওয়ায় উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতা দেখা দেয়।জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানিয়েছেন, এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৭ জন এখনো খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।খনির ভেতরে জমে থাকা পানি উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি পর্যাপ্ত আলো না থাকা এবং পিচ্ছিল পথের কারণে উদ্ধারকর্মীদের সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে।এসব প্রতিকূলতার মধ্যেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা যাতে নতুন কোনো দুর্ঘটনার শিকার না হন, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।সিগুহা এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই স্বর্ণ উত্তোলনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দুর্ঘটনাকবলিত খনিটিও অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সূত্র : আনাদোলু এজেন্সি।