পূর্ব স্পেনে প্রবল বৃষ্টি ও বন্যায় চারজনের মৃ'ত্যু
পূর্ব স্পেনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বন্যার তোড়ে ভূমধ্যসাগরীয় উপকূলের বেশ কয়েকটি শহর সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।আবহাওয়া দফতর জানায়, গত শনিবার ভূখণ্ডে আঘাত হানা শক্তিশালী ঝড় ‘অ্যাডাম’-এর প্রভাবে পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের কিছু এলাকায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি বর্গমিটারে রেকর্ড ৭০০ লিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণে নদ-নদীর পানি উপচে পড়ে রাস্তাঘাট খরস্রোতা নদীতে রূপ নিয়েছে। তীব্র স্রোতে ভাসিয়ে নেওয়া গাড়ি ও ভ্যানগুলো একে অপরের ওপর স্তূপ হয়ে থাকতে দেখা গেছে। আকস্মিক এই ধ্বংসযজ্ঞ দুই বছর আগে ভ্যালেন্সিয়ায় ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ও বিধ্বংসী বন্যার ক্ষতকে আবার সামনে নিয়ে এসেছে, যাতে ২৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।কর্তৃপক্ষ এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর মধ্যে উপকূলীয় রিসোর্ট শহর অলিভাতে দুজন, সাগুনতোর একটি সৈকতে একজন এবং কাতালোনিয়া অঞ্চলে একটি খরস্রোতা খালে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়। পরিস্থিতি মারাত্মক রূপ নিলে সোমবার সকালে প্রায় আট লাখ বাসিন্দাকে ঘরের ভেতর নিরাপদে অবস্থানের কড়া নির্দেশ দেওয়া হয়; তবে বিকেলের দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সেই বিধিনিষেধ আটটি মিউনিসিপ্যালিটির ৮৭ হাজার মানুষের জন্য বহাল রাখা হয়।ভ্যালেন্সিয়ায় নিযুক্ত সরকারের প্রতিনিধি পিলার বের্নাবের তথ্য অনুযায়ী, দুর্যোগ কবলিত এলাকায় নিরাপত্তা বাহিনী চার শতাধিক উদ্ধার অভিযান চালিয়েছে। সিভিল গার্ড জানিয়েছে, কেবল অলিভা এলাকা থেকেই দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পেগোর মেয়র এনরিক মল আঞ্চলিক রেডিও ‘আ পুন্ত’-কে জানিয়েছেন, সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বহু মানুষ এখনও বিভিন্ন ভবনের ছাদে আটকা পড়ে আছেন এবং তাঁদের সামরিক হেলিকপ্টারের সাহায্যে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ঝড়টি কাতালোনিয়া ও ব্যালেরিক দ্বীপপুঞ্জেও ব্যাপক আঘাত হেনেছে।স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা ‘এইএমইটি’ (AEMET) জানিয়েছে, গত জুন থেকে আগস্ট ছিল স্পেনের মূল ভূখণ্ডের ইতিহাসে উষ্ণতম গ্রীষ্মকাল এবং সদ্য সমাপ্ত সেপ্টেম্বরও ছিল ইতিহাসের উষ্ণতম সেপ্টেম্বর। সেই অস্বাভাবিক তাপদাহ ও জলবায়ু পরিবর্তনের ধারাবাহিকতায় এমন চরমভাবাপন্ন দুর্যোগ ও অতিবৃষ্টি সৃষ্টি হয়েছে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন।সূত্র: আল জাজিরা