জনপ্রিয় ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’ এবার সিনেমায়, মুক্তি ১৬ অক্টোবর
জনপ্রিয় ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’-এর পরিচিত যোদ্ধাদের এবার দেখা যাবে বড় পর্দায়। ক্যাপকমের বিখ্যাত গেম সিরিজ অবলম্বনে নির্মিত নতুন অ্যাকশন সিনেমাটি আগামী ১৬ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।নতুন এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি ও জেসন মোমোয়া। গেমের পরিচিত সবুজ চামড়ার যোদ্ধা ব্ল্যাঙ্কার চরিত্রে দেখা যাবে মোমোয়াকে।সিনেমাটির পরিচালনায় রয়েছেন কিতাও সাকুরাই। এর আগে তিনি ‘ব্যাড ট্রিপ’ এবং ‘দ্য এরিক আন্দ্রে শো’ নির্মাণ করেছেন। নতুন ছবিতে প্রচলিত গেমভিত্তিক চলচ্চিত্রের ধরন থেকে বেরিয়ে নিজস্ব নির্মাণশৈলী প্রয়োগের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক।‘স্ট্রিট ফাইটার’-এর গল্প সাজানো হয়েছে ১৯৯৩ সালের পটভূমিতে। একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দুই মার্শাল আর্ট যোদ্ধা রিউ ও কেন মাস্টার্স তখন একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন।তাদের জীবনে নতুন মোড় আসে রহস্যময়ী চুন-লির উপস্থিতিতে। তাঁর মাধ্যমে দুই যোদ্ধা আবার লড়াইয়ের জগতে ফিরে আসেন এবং অংশ নেন ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’ নামের আন্তর্জাতিক প্রতিযোগিতায়।কিন্তু এই প্রতিযোগিতার আড়ালে রয়েছে ভয়ংকর ষড়যন্ত্র। প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলার পাশাপাশি রিউ ও কেনকে নিজেদের অতীত এবং পারস্পরিক বিরোধের মুখোমুখি হতে হয়।সিনেমাটিতে কারাতে, কুংফুসহ বিভিন্ন মার্শাল আর্টের কৌশল তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ভিডিও গেমের পরিচিত বিশেষ আক্রমণগুলোও চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যে ব্যবহারের চেষ্টা করেছেন নির্মাতারা।রিউ, কেন, ব্ল্যাঙ্কা, ধালসিম, গাইল ও আকুমার মতো জনপ্রিয় চরিত্রগুলোর নিজস্ব লড়াইয়ের বৈশিষ্ট্যও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন রোমান রেইন্স এবং ভারতীয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল। ধালসিম চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ। গেমে যোগীসুলভ ক্ষমতা ও স্বতন্ত্র লড়াইয়ের কৌশলের জন্য পরিচিত এই চরিত্রটি।১৯৯৪ সালে জ্যঁ-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত ‘স্ট্রিট ফাইটার’ চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। এবার নতুন শিল্পী ও নির্মাণশৈলীতে গেমটির জগৎ আবার চলচ্চিত্রে তুলে ধরা হচ্ছে।নতুন সংস্করণে ১৯৯০-এর দশকের আর্কেড গেমের রঙিন আবহ ধরে রাখার পাশাপাশি আধুনিক অ্যাকশন দৃশ্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পুরোনো গেমের পরিচিত পরিবেশ এবং নতুন প্রযুক্তিনির্ভর উপস্থাপনা মিলিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।সাম্প্রতিক সময়ে ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’-এর মতো গেমভিত্তিক চলচ্চিত্রের জনপ্রিয়তার ধারায় যুক্ত হচ্ছে ‘স্ট্রিট ফাইটার’।পরিচিত চরিত্র, আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি এবং মার্শাল আর্টনির্ভর কাহিনির কারণে চলচ্চিত্রটি গেমপ্রেমী ও অ্যাকশন সিনেমার দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।