ছেলের ইসলাম গ্রহণের ইচ্ছায় পূর্ণ সমর্থন স্টিভ হার্ভির
নিজের ছোট ছেলের ইসলাম গ্রহণের ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুকশিল্পী স্টিভ হার্ভি। ধর্ম পরিবর্তনের সিদ্ধান্তে ছেলের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেছেন, ইসলাম সম্পর্কে তাঁর নিজের ধারণাও সময়ের সঙ্গে বদলেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর শাসকের সঙ্গে একটি সাক্ষাৎ তাঁর চিন্তাভাবনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।সম্প্রতি শারজাহ আন্তর্জাতিক বইমেলার এক ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড’-এর উপস্থাপক। সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়। স্টিভ হার্ভি জানান, তাঁর ছোট ছেলে সম্প্রতি ইসলাম গ্রহণের আগ্রহের কথা জানিয়েছে। বিষয়টি শুনে তিনি বিস্মিত হননি। বরং ছেলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।হার্ভির মতে, ধর্মীয় বিশ্বাস একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই ছেলের ইসলাম সম্পর্কে আগ্রহকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।সাক্ষাৎকারে ছেলের নামকরণ নিয়েও একটি ব্যক্তিগত স্মৃতি তুলে ধরেন তিনি।হার্ভি বলেন, ছেলের জন্মের সময়ই তিনি তার নামের সঙ্গে ‘আলী’ যুক্ত করেছিলেন। তাঁর মনে হয়েছিল, ভবিষ্যতে ছেলের সঙ্গে মধ্যপ্রাচ্যের কোনো না কোনো সম্পর্ক তৈরি হবে।ছেলের ইসলাম গ্রহণের ইচ্ছার কথা জানতে পেরে সেই পুরোনো অনুভূতির কথাই আবার মনে পড়েছে তাঁর।নিজের ছোট ছেলেকে একজন চমৎকার তরুণ হিসেবে বর্ণনা করেন হার্ভি। তিনি জানান, ছেলের ধর্মীয় আগ্রহকে সম্মান করেন এবং তার সিদ্ধান্তের পাশে থাকতে পেরে আনন্দিত।বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্টিভ হার্ভির এই ছেলেকে উইনটন হার্ভি হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁর পূর্ণ নাম উইনটন ব্রাইসেলন আলী হার্ভি।উইনটন স্টিভ হার্ভি ও তাঁর সাবেক স্ত্রী মেরি শ্যাকেলফোর্ডের সন্তান। তিনি পেশাগতভাবে আলোকচিত্রের সঙ্গে যুক্ত।তবে উইনটন ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছেন, এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। স্টিভ হার্ভির বক্তব্যে মূলত ছেলের ইসলাম গ্রহণের ইচ্ছা এবং সেই সিদ্ধান্তে তাঁর সমর্থনের বিষয়টি উঠে এসেছে।ইসলাম সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন হার্ভি।তিনি জানান, ২০১৯ সালে শারজাহ সফরের সময় দেশটির শাসক শেখ সুলতান বিন মুহাম্মাদ আল কাসিমির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাৎ ইসলাম সম্পর্কে তাঁর প্রচলিত ধারণা নতুনভাবে বিবেচনা করতে সাহায্য করে।হার্ভির ভাষ্য অনুযায়ী, শারজাহর শাসকের সঙ্গে আলাপের পর ইসলাম সম্পর্কে তাঁর উপলব্ধি গভীর হয়। ধর্মটি নিয়ে আগে যেসব ধারণা ছিল, সেগুলোর কিছু পরিবর্তন ঘটে।তিনি মনে করেন, কোনো ধর্ম সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে সেই ধর্মের অনুসারীদের জীবনযাপন, মূল্যবোধ ও বিশ্বাস সম্পর্কে জানা প্রয়োজন।শারজাহর অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে আছে বলেও জানান এই মার্কিন তারকা। সম্প্রতি শারজাহ আন্তর্জাতিক বইমেলায় অংশ নেওয়ার সময় আবারও সেখানকার মানুষের আতিথেয়তা ও সংস্কৃতি নিয়ে কথা বলেন হার্ভি।একই সঙ্গে ছেলের ইসলাম গ্রহণের ইচ্ছার কথা প্রকাশ করে ধর্মীয় বিশ্বাসের বিষয়ে পরিবারের সদস্যদের সিদ্ধান্তকে সম্মান করার গুরুত্ব তুলে ধরেন তিনি।তাঁর এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে ছেলের ধর্মীয় সিদ্ধান্তে বাধা না দিয়ে সমর্থন জানানোর বিষয়টি আলোচনায় আসে।তবে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে স্টিভ হার্ভির ছেলে ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করা হলেও মূল সাক্ষাৎকারে এমন নিশ্চিত ঘোষণা নেই।হার্ভি জানিয়েছেন, তাঁর ছেলে ইসলাম গ্রহণ করতে আগ্রহী এবং তিনি সেই ইচ্ছাকে সমর্থন করছেন। উইনটনের পক্ষ থেকে ধর্ম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।সূত্র : আল বাওয়াবা,