ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট মোবাইল সেবা চালু, মাস্কের উচ্ছ্বাস

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট-টু-মোবাইল সংযোগ সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পৃথক বার্তায় তিনি লেখেন, ‘Starlink connecting Bangladesh!’ এবং ‘Starlink Mobile now available in Bangladesh!’।স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানান, মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে যৌথ অংশীদারত্বে এ সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রচলিত সেলুলার নেটওয়ার্ক কাভারেজের বাইরে থাকা দুর্গম এলাকাগুলোতেও গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ তৈরি হলো। দক্ষিণ এশিয়ায় এ ধরনের স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তি চালুর ক্ষেত্রে এটিই প্রথম কোনো উদ্যোগ। নতুন এই ব্যবস্থার ফলে উপকূলীয় অঞ্চলের বাসিন্দা, দুর্গম চরাঞ্চল ও পাহাড়ি এলাকার সাধারণ মানুষ, পর্যটক এবং গভীর সমুদ্রে অবস্থানরত জেলেরা স্বাভাবিক মোবাইল টাওয়ারের আওতার বাইরে থাকলেও জরুরি বার্তা আদান-প্রদান ও অবস্থান শেয়ার করতে পারবেন। বিশেষ করে সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলের সীমানায় এবং প্রাকৃতিক দুর্যোগ বা দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের সময় যখন সাধারণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, তখন এই প্রযুক্তি ব্যাকআপ হিসেবে জরুরি যোগাযোগ সচল রাখবে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপযুক্ত ফোরজি (4G) হ্যান্ডসেট এবং বাংলালিংক সংযোগ ব্যবহারকারীরা প্রচলিত সেলুলার টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হলেও স্বয়ংক্রিয়ভাবে স্টারলিংকের লো-আর্থ অরবিট স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে প্রাথমিক মেসেজিং ও লোকেশন ডেটা আদান-প্রদান করতে পারবেন।

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট মোবাইল সেবা চালু, মাস্কের উচ্ছ্বাস