ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশুদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির বরাদ্দ করা ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফেরত দেন তিনি। অভিযুক্তের দাবি, ওই দুধ শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল—এ বিষয়টি তিনি জানতেন না।ঘটনাটি উপজেলার বলদিয়া ইউনিয়নের ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে সময়মতো অবহিত না করায় প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে পুলিশ ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী বিদ্যালয়ে যান। অতিথিদের বসার ব্যবস্থা ও আপ্যায়ন নিয়ে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় বিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য রাখা ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম মাহমুদ ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবকের বিরুদ্ধে।বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. আশা বেগম বলেন, শিক্ষকরা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকার সুযোগে নাদিমসহ কয়েকজন যুবক লাইব্রেরিতে রাখা দুধ নিয়ে যান। পরে বিষয়টি ধরা পড়ে। বুধবার অভিযুক্তরা ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়ে গেছেন। বাকি তিন প্যাকেট তারা খেয়ে ফেলেছেন বলে তিনি জানান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, অতিথিদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় তিনি ওয়াশরুমে যান। এ সময় লাইব্রেরিতে রাখা দুধের ৩০ প্যাকেট নিয়ে যাওয়া হয় বলে তিনি জানতে পারেন। মাসের শেষ দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের দুধ দিতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, ছাত্রনেতা নাদিম মাহমুদের নেতৃত্বে কয়েকজন যুবক দুধ নিয়ে বিদ্যালয়ের আশপাশে বসে সেগুলো খেয়েছেন।তবে অভিযোগ অস্বীকার না করে নাদিম মাহমুদ বলেন, তিনি ও তার তিন বন্ধু স্কুল থেকে ৩০ প্যাকেট দুধ নিয়েছিলেন। তবে ওই দুধ শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল—এ বিষয়টি তারা জানতেন না। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে এসে ডিলারের কাছ থেকে বাকি ২৭ প্যাকেট দুধ কিনে স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন বলে জানান তিনি।নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজক ও বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ বলেন, নাদিম ওই ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। তিনি শুনেছেন, নাদিম ও তার বন্ধুরা ৩০ প্যাকেট দুধ নিয়েছেন। দুধগুলো শিশুদের জন্য বরাদ্দ ছিল—এ বিষয়টি তারা বুঝতে পারেননি। পরে ২৭ প্যাকেট দুধ ফেরত দেওয়া হয়েছে। তার ভাষায়, বিষয়টি ঠিক হয়নি।নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন সজিব বলেন, বিষয়টি তার নজরে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি নাদিমের ব্যক্তিগত বিষয়। ব্যক্তির দায় সংগঠন নেবে না।নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম বলেন, ঘটনাটি গত শুক্রবারের। কিন্তু কয়েক দিন পার হয়ে গেলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি শিক্ষা অফিসকে জানায়নি। এ কারণে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শিশুদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে