ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুন্সিগঞ্জে ৩ স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই নারী আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন জান্নাত আক্তার (১৮) ও মোসা. গুলবাহার (৬০)।বিদ্যালয় ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী একসঙ্গে বাড়ি ফিরছিল। বকুলতলা সড়কে পৌঁছালে অভিযুক্ত দুই নারী তাদের পথরোধ করেন এবং নানা কথার ছলে সঙ্গে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এক শিশুর হাত ধরে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুটি আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি উপস্থিত স্থানীয়দের নজরে এলে তাঁরা তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে শিশুদের নিরাপদে উদ্ধার করেন। এরপর অভিযুক্ত দুই নারীকে ঘেরাও করে আটক করা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন হাওলাদার জানান, অভিযুক্তরা প্রথমে টাকার প্রলোভন দেখিয়ে শিশুদের সঙ্গে নেওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় কোনো বিপদ ঘটেনি।পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, ঘটনাটি ছুটির পরপরই ঘটেছে। অভিযুক্তদের আগের দিন সোমবারও স্কুলের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। বিষয়টি নিয়ে শিক্ষকরা আলোচনাও করেছিলেন এবং এর পরদিনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এ ধরনের ঘটনা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের সৃষ্টি করে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আটক দুই নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় ও অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মুন্সিগঞ্জে ৩ স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই নারী আটক