সৌদিতে ব্যাপক অভিযান, প্রায় ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্তসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এক সপ্তাহের অভিযানে প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১০ হাজারের বেশি বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সাত দিনে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করে আইন লঙ্ঘনের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির আবাসনসংক্রান্ত বিধিনিষেধ, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ রয়েছে।অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে আরও এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। তাঁদের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৩৩ হাজারের বেশি বিদেশি নাগরিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে আড়াই হাজারের বেশি নারী রয়েছেন।যেসব বিদেশি নাগরিকের প্রয়োজনীয় পরিচয়পত্র বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র নেই, তাঁদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় নথি সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে।পাসপোর্ট কিংবা ট্রাভেল পারমিট সংগ্রহের প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।এদিকে, আইন লঙ্ঘনের অভিযোগে আটক ব্যক্তিদের পাশাপাশি তাঁদের আশ্রয়, কর্মসংস্থান অথবা যাতায়াতে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সৌদি প্রশাসন।এ ধরনের সহায়তার অভিযোগে ইতোমধ্যে ২১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়া, পরিবহন কিংবা অন্য কোনোভাবে সহায়তা করার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সংশ্লিষ্ট অপরাধে ব্যবহৃত যানবাহন অথবা বাড়িও বাজেয়াপ্ত করা হতে পারে।অবৈধ অবস্থান ও আইন লঙ্ঘনসংক্রান্ত তথ্য দিয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।বিশেষ করে মক্কা ও রিয়াদসহ গুরুত্বপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের এ ধরনের তথ্য জানাতে জরুরি সেবা নম্বর ৯১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে।তবে আটক কিংবা দেশে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।সূত্র : গালফ নিউজ