ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এশীয় ক্রেতাদের জন্য তেলের দাম ব্যাপক কমাল সৌদি আরব

এশিয়ার ক্রেতাদের জন্য আগামী নভেম্বরের অপরিশোধিত জ্বালানি তেলের সরকারি বিক্রয় মূল্য বড় পরিসরে কমিয়েছে সৌদি আরব। এতে এ অঞ্চলের জন্য সৌদি তেলের দাম প্রায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে একই সময়ে উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রেতাদের জন্য দাম বাড়ানো হয়েছে।সোমবার প্রকাশিত সরকারি দরপত্রের তথ্য অনুযায়ী, এশিয়ার বাজারে নভেম্বরের ‘আরব লাইট’ ক্রুড অয়েলের দাম ওমান ও দুবাই ক্রুডের গড় মূল্যের তুলনায় ব্যারেলপ্রতি পাঁচ ডলার পর্যন্ত ছাড়ে নির্ধারণ করা হয়েছে। অক্টোবরের তুলনায় নভেম্বরের জন্য ব্যারেলপ্রতি দাম কমানো হয়েছে তিন ডলার।রয়টার্সের উপাত্ত অনুযায়ী, নভেম্বরের জন্য দেওয়া এই ছাড় ২০২০ সালের জুনের পর সর্বোচ্চ।বাজারের পূর্বাভাসের বিপরীতেই সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সের একটি জরিপে মধ্যপ্রাচ্যের বাজার সূচকের ঊর্ধ্বমুখী অবস্থার কারণে নভেম্বরের জন্য আরব লাইটের দাম ব্যারেলপ্রতি পাঁচ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দাম বাড়ানোর পরিবর্তে এশিয়ার বাজারে বড় ছাড় দেওয়া হয়েছে।সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি অরামকো এশিয়ার জন্য ভারী গ্রেডের অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। ‘আরব মিডিয়াম’ ও ‘আরব হেভি’ ক্রুডের দাম ব্যারেলপ্রতি পাঁচ ডলার কমানো হয়েছে।শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ছড়িয়ে পড়ায় সমুদ্রপথে রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে এশিয়ায় নিজেদের প্রধান বাজার ধরে রাখতে উদ্যোগ নিয়েছে সৌদি অরামকো।গত সপ্তাহে ওমান উপকূল থেকে তেলবাহী জাহাজে পণ্য বোঝাইয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা তৈরি এবং অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া পরিবহন ব্যয়ের চাপ সামলাতে এশিয়ার ক্রেতাদের মূল্যছাড় দেওয়ার পরিকল্পনা নেয় কোম্পানিটি।এশিয়ার তেল শোধনকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তা জানিয়েছেন, অপরিশোধিত তেল পরিবহনে জাহাজ ভাড়া ও ফ্রেইট ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতাদের সেই অতিরিক্ত খরচ সামলাতে সহায়তা করাই এই মূল্যছাড়ের অন্যতম উদ্দেশ্য।লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে চীনে ২০ লাখ ব্যারেল ধারণক্ষমতার একটি ভিএলসিসি বা ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ভাড়া নিতে প্রতিদিন প্রায় ১২ লাখ ডলার ব্যয় হচ্ছিল। এক বছর আগে একই ধরনের জাহাজের দৈনিক ভাড়া ছিল প্রায় ৮০ হাজার ডলার।আরেকটি সূত্র জানিয়েছে, সৌদি তেল পরিবহনে ব্যবহৃত বিকল্প দীর্ঘ রুটের কারণে বেড়ে যাওয়া সময় ও অপেক্ষাজনিত ব্যয়ের চাপ কমাতেও কম দামের সুবিধা কাজে আসবে। বিশেষ করে মিসরের সিদি কেরির বন্দর থেকে সরবরাহে বিলম্বের কারণে অনেক তেলবাহী জাহাজকে বর্তমানে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।এশিয়ার বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমানো হলেও উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রেতাদের জন্য সৌদি আরব অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে।সূত্র: রয়টার্স।

এশীয় ক্রেতাদের জন্য তেলের দাম ব্যাপক কমাল সৌদি আরব