নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন মঞ্জুর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়।নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। এদিন সকালে আদালতে সশরীরে উপস্থিত হন সাবেক মেয়র আইভী।আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের জন্য দিন নির্ধারিত ছিল। শুনানিতে তার পক্ষে পুনর্জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।মামলার নথি অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভী এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।একই মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।এজাহারে আরও যাদের নাম রয়েছে, তাদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।মামলায় মোট ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এর বাইরে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এদিকে শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সেলিনা হায়াৎ আইভী রাজনৈতিক স্লোগান দেন।গাড়িতে ওঠার সময় তিনি ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ বলে মন্তব্য করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরপর গাড়িতে উঠে আদালত এলাকা ত্যাগ করেন সাবেক এই মেয়র।