ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাহুলসহ বিরোধী নেতাদের সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের প্রধান বিচারপতির

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তবে বিরোধী নেতাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন প্রধান বিচারপতি।সোমবার (১২ অক্টোবর) এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বৈঠক করা উপযুক্ত হবে না। খবর হিন্দুস্তান টাইমসের।সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট বিষয়গুলো বিচারাধীন থাকাই প্রধান বিচারপতির সিদ্ধান্তের অন্যতম কারণ। পাশাপাশি এসব বিষয়ে দায়ের করা রিট পিটিশনে প্রধান বিচারপতি নিজেই বিচারিক ভূমিকা পালন করছেন।এর আগে সোমবার খাড়গে ও রাহুল গান্ধী স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে তাঁদের উদ্বেগের বিষয়টি প্রধান বিচারপতিকে জানানোই ছিল এ সাক্ষাতের উদ্দেশ্য।বিরোধী নেতারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের ভূমিকা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-সংক্রান্ত মামলার দ্রুত শুনানি এবং নির্বাচন কমিশনের নিয়োগ সুপারিশকারী কমিটির গঠনপ্রণালীসহ বিভিন্ন বিষয় তুলে ধরতে চেয়েছিলেন।এদিকে একই দিন দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এতে অংশ নিতে জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা দিল্লিতে পৌঁছেছেন।বিক্ষোভ ঘিরে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। জোট নেতাদের দাবি, রাজধানীজুড়ে ৩০ হাজারের বেশি পুলিশ ও সাত হাজারের বেশি আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে শনিবার বিক্ষোভে যোগ দিতে যাওয়া প্রায় তিন হাজার আন্দোলনকারীকে আটক করা হয়েছিল বলে দাবি করেছে বিরোধীরা।সূত্র: হিন্দুস্তান টাইমস

রাহুলসহ বিরোধী নেতাদের সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের প্রধান বিচারপতির