রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করলো সিলেট মহানগর বিএনপি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেয়নি সিলেট মহানগর বিএনপি।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেটে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করে।তবে অনুষ্ঠানে বিএনপির কয়েকজন সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বহু নেতা অনুপস্থিত ছিলেন। মহানগর বিএনপির পক্ষ থেকেও অনুষ্ঠানটি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।দলীয় সূত্রের দাবি, স্থানীয় সংসদ সদস্য ও দলের নেতাদের সঙ্গে যথাযথ আলোচনা না করে অনুষ্ঠান আয়োজন এবং অনেক নেতাকর্মীকে সঠিকভাবে আমন্ত্রণ না জানানোর কারণে এই অসন্তোষ তৈরি হয়।মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতির সফর বা তার কর্মসূচি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি মূলত সিটি কর্পোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনার ব্যবস্থাপনা ও আমন্ত্রণ প্রক্রিয়া নিয়ে।মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘এই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নেবেন না। যথাযথভাবে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অভিযোগ করেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আয়োজকদের একতরফা ব্যবস্থাপনার কারণে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠান বয়কট করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানানো, মাজার জিয়ারত এবং বিদায়ের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে নাগরিক সংবর্ধনার আয়োজন যেভাবে করা হয়েছে, সেটিকে তারা সম্মানজনক মনে করেননি।তার অভিযোগ, অনেক নেতার গাড়ি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আমন্ত্রণপত্রও এমনভাবে দেওয়া হয়েছে, যা তাদের কাছে আনুষ্ঠানিকতা রক্ষার মতো মনে হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অনুপস্থিত নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং বদরুজ্জামান সেলিম রয়েছেন।এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন এবং হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।