ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, চূড়ান্ত ৫ সিটির প্রার্থী

স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলটি নিজস্ব প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে।দলীয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী নির্ধারণ করেছে এনসিপি। পরে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হবে।ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার প্রস্তুতি চলছে।এর আগে চলতি বছরের মার্চে পাঁচ সিটি করপোরেশনের মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছিল এনসিপি। তখন ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ এবং ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী হিসেবে রাখা হয়েছিল। এবার সেই সিদ্ধান্তে পরিবর্তন এনে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে।[BANGVIEWS-POST:5522]নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে দুই নেতাই ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। আর নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় এলাকার ভোটার হয়েছেন।আসিফ মাহমুদ জানান, ভোটার এলাকা পরিবর্তন সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ। দলের শীর্ষ পর্যায়ের আলোচনায় তাকে ঢাকা উত্তর এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা দলীয়ভাবে দেওয়া হবে।নাসীরুদ্দীন পাটওয়ারীও জানিয়েছেন, ঢাকা উত্তরে আসিফ মাহমুদের এবং দক্ষিণে তার নিজের নির্বাচন করার বিষয়টি আলোচনায় রয়েছে। দল আনুষ্ঠানিক ঘোষণা দিলে বিষয়টি নিশ্চিত হবে।[BANGVIEWS-POST:5521]এনসিপির প্রাথমিক তালিকা অনুযায়ী, ঢাকার দুই সিটি ছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটিতে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটিতে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রার্থী হতে পারেন।রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি ও জামায়াত আলাদাভাবে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে স্থানীয় নির্বাচনে জোটগতভাবে প্রার্থী দেওয়ার তেমন নজির না থাকায় দলগুলো পৃথকভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় নির্বাচনে আলাদা প্রতিদ্বন্দ্বিতা করলেও বৃহত্তর রাজনৈতিক ঐক্য বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, চূড়ান্ত ৫ সিটির প্রার্থী