‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি’- স্লোগানে মুখর সায়েন্সল্যাব
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’ এবং ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়।[BANGVIEWS-POST:1775]আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকার পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়েছেন। এরপরও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একই সঙ্গে পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এর প্রতিবাদে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।এদিন রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবরোধ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন পরীক্ষার্থীরা।তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সায়েন্সল্যাব ছাড়া অন্য কোথাও ঘোষিত কর্মসূচি শুরু হওয়ার খবর পাওয়া যায়নি।