ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্যানসার জয় করে এবার সিনেমায় সাহারা শাহ, প্রথম ছবিতেই কেন্দ্রীয় চরিত্র

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের দত্তককন্যা সাহারা শাহ এবার অভিনয়ে পা রাখতে চলেছেন। মাত্র আড়াই বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হওয়া সাহারা দীর্ঘ চিকিৎসার পর এখন ক্যানসারমুক্ত। ২২ বছর বয়সে এসে অ্যাভিয়েশন প্রশিক্ষণও শেষ করেছেন তিনি। এবার নেপালি একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার।সম্প্রতি মুম্বাইয়ে ক্যানসার ‘রোজ ডে’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের প্রথম সিনেমার খবর জানান সাহারা শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেক ওবেরয়ও। তার সামনেই প্রথম সিনেমার চুক্তিতে সই করেন সাহারা। পরে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টারও।অনুষ্ঠানে সাহারা বলেন, ‘শিগগিরই দুবাইয়ে দেখা হবে। আর মনে হয় না আমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে। আমি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। এটি একটি নেপালি সিনেমা। চুক্তিতে সই করার আগে আমি আপনাদের আশীর্বাদ নিতে চেয়েছিলাম।’এরপর বিবেক ওবেরয়ের দিকে তাকিয়ে সাহারা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আপনাকে দেখে আসছি। সবসময় আপনার মতো হতে চেয়েছি। আমার জীবনে আপনার অনেক বড় ভূমিকা রয়েছে। আপনার দেখানো পথেই সবসময় হাঁটার চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না।’সাহারা জানান, অভিনয় ও নাচের প্রতি তার আগ্রহের ক্ষেত্রে বিবেকের সমর্থন ছিল। ফলে প্রথম সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।সাহারা ছোটবেলায় ক্যানসারে আক্রান্ত হওয়ার পর বিবেক ওবেরয় তার পাশে ছিলেন। নিজের দুই সন্তান—ছেলে বিভান বীর ও মেয়ে আমেয়া নির্বাণের পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত শিশুদের সহায়তায়ও কাজ করে আসছেন অভিনেতা।অ্যাভিয়েশন প্রশিক্ষণ শেষ করার পর এবার অভিনয়কে পেশাগতভাবে এগিয়ে নেওয়ার পথে হাঁটছেন সাহারা। তার প্রথম সিনেমাটিও বিশেষ হয়ে উঠছে, কারণ নেপালি এই ছবিতে তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।মেয়ের অভিনয়ে আসার খবর শুনে অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন বিবেক ওবেরয়। তিনি বলেন, ‘এটা আমার কাছেও খুব গর্বের মুহূর্ত। আমি চাই তুমি তোমার ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে যাও। ছবিতেও খুব ভালো অভিনয় করো। তোমার জন্য আমি খুব খুশি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’সাহারাকে তার জীবনের লড়াইয়ের কথাও মনে করিয়ে দেন বিবেক। তিনি বলেন, ‘ভুলে যেও না তুমি একজন বিজয়ী। তুমি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে আজ নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছ।’

ক্যানসার জয় করে এবার সিনেমায় সাহারা শাহ, প্রথম ছবিতেই কেন্দ্রীয় চরিত্র