ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘সালামের উত্তর পাওয়ার আগেই শুরু!’ সংসদে স্পিকারের রসিকতা

জাতীয় সংসদ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যসূচি শুরু হওয়ার আগেই পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়িয়ে যাওয়া এক সংসদ সদস্যকে থামিয়ে দিয়ে রসবোধপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। স্পিকারের এমন তাৎক্ষণিক ও প্রাণবন্ত মন্তব্যে অধিবেশন কক্ষে এক লঘু ও হাসিখুশি পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতে এ ঘটনা ঘটে।অধিবেশনের আনুষ্ঠানিক কার্যপ্রণালি শুরুর মুহূর্তে বক্তব্য দিতে উঠে দাঁড়িয়েছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ সময় স্পিকার তাঁকে থামিয়ে দিয়ে কৌতুকের সুরে বলেন, “এখনও তো শুরুই করলাম না। শুধু আপনাদের ‘আসসালামু আলাইকুম’ দিলাম। এর মধ্যেই তো আপনি একটা তুলে দিলেন। ‘ওয়ালাইকুম সালাম’ শোনার আগেই তো আপনি একটা তুলে দিলেন।”এর আগে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া একটি অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতি দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন যে, সংসদীয় স্থায়ী কমিটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খাটো করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট ভিডিওতে বলা হয়েছে সংসদীয় কমিটির সুপারিশ গ্রহণ বা বর্জন মন্ত্রণালয়ের ইচ্ছাধীন এবং তাদের ভূমিকা নামমাত্র। সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, সংসদ ভবনের ভেতরের বা বাইরের কোনো প্রভাবশালী মহলের ইন্ধন ছাড়া এ ধরনের প্রচারণা সম্ভব নয়। বিষয়টি মন্ত্রণালয়ের সচিবকে অবগত করার পাশাপাশি অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ও সংসদীয় শিষ্টাচার স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট করেন, পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হলে নির্দিষ্ট কোন বিধিতে আলোচনা উত্থাপন করা হচ্ছে তা আগেই উল্লেখ করতে হয় এবং সাধারণত কার্যসূচির এক দফা থেকে অন্য দফায় যাওয়ার মধ্যবর্তী ফাঁকা সময়ে এটি তোলার বিধান রয়েছে।স্পিকার ওই সংসদ সদস্যকে আশ্বস্ত করে পরামর্শ দেন, দিনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন হওয়ার পর যেন তিনি যথাযথ বিধি ও নিয়ম মেনে বিষয়টি পুনরায় উত্থাপন করেন। সে সময় বিধিমোতাবেক প্রয়োজনীয় বিবেচনা ও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

‘সালামের উত্তর পাওয়ার আগেই শুরু!’ সংসদে স্পিকারের রসিকতা