ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেবে ইরান

জাতীয় প্রতিরক্ষা’ প্রস্তুতির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির পশ্চিম এশিয়া নিউজ এজেন্সি (ওয়ানা) এ তথ্য জানিয়েছে।সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানিয়েছেন, ‘জানফাদা’ নামে এই কর্মসূচি রোববার (৪ অক্টোবর) রাজধানী তেহরানের তিনটি প্রশিক্ষণকেন্দ্রে শুরু হওয়ার কথা রয়েছে।তিনি জানান, ইরানের সেনাবাহিনীর চারটি শাখার সদস্যদের নির্ধারিত কয়েকটি ‘ফিল্ড-গ্যারিসন’ এলাকায় মোতায়েন করা হবে। এসব এলাকায় স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিকদের প্রথমে মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী সময়ে তাদের আরও উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হবে।তেহরানের হাফতে তির স্কয়ারে এরই মধ্যে নতুন একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছে। এর আগে ইমাম হোসেইন স্কয়ারে প্রথম প্রশিক্ষণশিবির চালু করা হয়। আগামী কয়েক সপ্তাহে এসব কেন্দ্রে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রকাশিত ভিডিওতে সেনাসদস্যদের ছদ্মবেশী রঙ করা বিমানবিধ্বংসী সরঞ্জাম নিয়ে মহড়া করতে দেখা গেছে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাধাবিঘ্নের প্রশিক্ষণপথ অতিক্রম এবং অস্ত্র ব্যবহারের অনুশীলন করতেও দেখা যায়। কিছু প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটও ব্যবহার করা হচ্ছে।এদিকে এক সংবাদ সম্মেলনে বাসিজ সংগঠনের প্রশিক্ষণ বিভাগের উপপ্রধান আলি কাওসারি জানান, বেসামরিক নাগরিকদের প্রশিক্ষণের জন্য ১ হাজার ব্যাটালিয়ন প্রস্তুত রাখা হয়েছে। তিনি সমাজের সর্বস্তরে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।কাওসারি বলেন, শত্রুপক্ষ যদি ‘আরেকটি ভুল হিসাব’ করে ইরানে নতুন করে হামলা চালায়, তাহলে দেশটির জনগণ ঐক্যবদ্ধভাবে সেই হামলা মোকাবিলা করবে।ইরানের সেনাবাহিনীর এই উদ্যোগের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতির পাশাপাশি বেসামরিক জনগণের সামরিক সক্ষমতা ও জরুরি পরিস্থিতিতে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে উঠে এসেছে।

সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেবে ইরান