ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বরিশালে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

বরিশাল নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক এক সেনাসদস্য ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বগুড়া রোড সংলগ্ন সালাম সাইকেল স্টোরের সামনে থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের মো. মোনসেফ আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ বেলাল হোসেন রাতুল এবং তাঁর স্ত্রী লামিয়া আক্তার। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, বগুড়া রোড এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে একদল কারবারি অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই নাহিদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আরিফুর রহমান, এএসআই জিয়াউর রহমান এবং এএসআই মাহফুজুর রহমান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় রাতুল ও লামিয়া দম্পতিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২৩৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়।কোতোয়ালি মডেল থানা-পুলিশের দাবি, বেলাল হোসেন রাতুল ইতিপূর্বে সামরিক বাহিনীতে কর্মরত থাকলেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত হন। পরবর্তীতে তিনি মাদক কারবারে জড়িয়ে পড়েন। গ্রেপ্তার রাতুল ও তাঁর স্ত্রী লামিয়া আক্তারের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) একাধিক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে চালানো সফল অভিযানে মাদকসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।

বরিশালে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তাঁর স্ত্রী গ্রেপ্তার