ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া মামলায় জাবেদের স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।রায় ঘোষণার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। এ ছাড়া মামলার আসামিদের মধ্যে মোট ১৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এবং ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন রায়ের বিষয়ে জানান, আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের অভিযোগে ১০ বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে ৫ বছর—মোট ১৫ বছরের সাজা দিয়েছেন। অন্যদিকে, তাঁর স্ত্রী রুকমীলা জামানকে দুটি অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে সংক্ষুব্ধ উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘আমরা সংক্ষুব্ধ, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল আবেদন করব।’আদালত সূত্রে জানা যায়, আজ রায় ঘোষণার সময় আদালতে চারজন আসামি উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে একজন খালাস পেয়েছেন।উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। ২০২৫ সালের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে এই মামলা করেছিলেন।

অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা