ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ শুরু জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের কূটনীতিতে যুক্ত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এক বছরের জন্য বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন খলিলুর রহমান। তিনি ৮০তম অধিবেশনের সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন। ৮১তম অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। [BANGVIEWS-POST:5375]অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের মিশনের পক্ষ থেকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ব্যালটে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ব্যালট পড়েছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি আঞ্চলিক গ্রুপগুলোর মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান।[BANGVIEWS-POST:5374]এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনার ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সদস্যরাষ্ট্রগুলোর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

আজ শুরু জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান